লোহাগাড়ায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলন : জেল-জরিমানা গুনলো তিন যুবক
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি ইউনিয়নের সাতগড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালুখেকোকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চুনতি আঞ্জুমানে নওজোয়ান মাঠের পুর্ব পার্শ্বে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে এক পাহাড়খেকোকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে উত্তোলন করা দুই হাজার ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড ও জরিমানার এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।
ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নয়া পাড়ার মৃত আবদুর রহমানের পুত্র আবদুল আজিজ (৪৫), মৃত কবির আহমদের পুত্র সাহেব মিয়া (৪৫) এবং চুনতি সাতগড়ের মৌলভী পাড়ার আবদুল গাফ্ফারের পুত্র শহীদুল ইসলাম (২৬)।
জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া এলাকা হতে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় কয়েকজন প্রভাবশালী বালুখেকো। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুরে উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তৌছিফ আহমদ।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া এলাকায় অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় দুই বালুখেকোকে এক মাস করে বিনাশ্রম কারদন্ডাদেশ এবং অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ আইন ৯৫ এর ৬(খ) ধারা মতে এক পাহাড়খেকোকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়েছে । এ সময় অবৈধভাবে উত্তোলন করা দুই হাজার ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
২৪ ঘণ্টা/এম আর
এ. কে. আজাদ
লোহাগাড়া, চট্টগ্রাম।
তারিখ : ১৪/০৯/২০২০


আপনার মতামত লিখুন