জাতীয় মৎস্য পদক অর্জন করায় রাউজানে এমপি ফজলে করিম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, রাউজানের সাংসদ ফজলে করিম এমপি চারবার জাতীয় পদক অর্জন করেছেন। এটা নিঃসন্দেহে উনার কর্মস্পৃহা আর যোগ্যতার পুরস্কার। তিনি রাউজানকে যেভাবে সুন্দর ও পরিপাটি করে সাজিয়ে তুলেছেন এই পথ দিয়ে যাওয়ার সময় আমি রাউজানের সৌন্দর্য দেখে মুগ্ধ হই।
জাতীয় মৎস্য পদক-২০২১ অর্জন করায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।৮ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা সদরস্থ একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে রাউজানবাসীর ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি , দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন,রাঙ্গুনিয়া পৌর মেয়র শাহজাহান সিকদার, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন (রোমান), উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বখতেয়ার সাঈদ ইরান, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম।।
সংবর্ধনা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সচিব জমির উদ্দিন পারভেজ।অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর ও বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্য পদক-২০২১ অর্জন করায় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে রাউজান উপজেলা পরিষদ, রাউজান পৌরসভার মেয়র, কাউন্সিলর, মুক্তিযোদ্ধা কমান্ড রাউজান উপজেলা, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য, ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, আমি সব সময় রাউজানের সাড়ে ছয় লক্ষ মানুষের কথা ভাবি। জাতীয় পদক অর্জনের গৌরবের অংশীদার আমি একা নই, রাউজানের মানুষের অকৃত্রিম ভালোবাসা আর সহযোগিতা নিয়েই আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছি।


আপনার মতামত লিখুন