তৃতীয়বার কোভিডে আক্রান্ত হলেন তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১২:৩৯ দুপুর
তৃতীয়বার কোভিডে আক্রান্ত হলেন তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগেও দু’বার কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি।

মঙ্গলবার কোভিড টেস্টের রিপোর্টে তার পজিটিভ আসে।

এর আগে রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থসহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী।

সোমবার বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা পরীক্ষা করে তার শরীরে বেশ জ্বর পান। তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অভ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়। মঙ্গলবার সেই টেস্টের রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।

সপ্তাহের কর্মদিবসগুলোতে ঢাকা ও বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় ও দলীয় দায়িত্ব পালন শেষে প্রায় প্রতি সপ্তাহান্তে চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকা সফরকারী ড. হাছান আগেও দু’বার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমবার বিএসএমএমইউতে ভর্তি অবস্থায়ই শেষ দিকে হাসপাতালেই নথিপত্র স্বাক্ষর করেছেন, পরের বার বাসাতেই ছিলেন তিনি।

এবারও মিন্টো রোডের সরকারি বাসভবনে রয়েছেন মন্ত্রী।

ড. হাছান মাহমুদ করোনাক্রান্ত হলেও তিনি মোটামুটি সুস্থ আছেন এবং সকলের দোয়া চেয়েছেন।

Feb2
Feb2