লোহাগাড়ায় সাংবাদিক জাহেদকে শ্রমিকলীগ নেতার হুমকি, থানায় জিডি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দৈনিক সাঙ্গুতে “লোহাগাড়ার চুনতিতে পাহাড় কেটে বালু উত্তোলনের মহোৎসব” শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে তৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টর (লোহাগাড়া) জাহেদুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু। তিনি লোহাগাড়া উপজেলা সদর রশিদার পাড়ার মোজাহার আহমদের পুত্র বলে জানা গেছে।
১০ জানুয়ারী দৈনিক সাঙ্গু পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হয়েছে।
এ ঘটনায় বুধবার (১১ জানুয়ারী) রাতে জীবনের নিরাপত্তা চেয়ে নুরুল হক নুনু’র বিরুদ্ধে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন সাংবাদিক জাহেদুল ইসলাম। লোহাগাড়া থানারজিডি নং-৫২৯।
সাংবাদিক জাহেদুল ইসলামের দায়ের করা জিডি সুত্রে জানা যায়, দৈনিক সাঙ্গু পত্রিকার ৭ম পৃষ্টায় “লোহাগাড়ার চুনতিতে পাহাড় কেটে বালু উত্তোলনের মহোৎসব” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের জের ধরে গত ১০ জানুয়ারি দুপুরে শ্রমিকলীগ নেতা নুরুল হক নুনু তার ব্যবহ্নত মুঠোফোন ০১৮৩৬-২১২২২৩ নম্বর থেকে পাহাড় কেটে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের কারণ জানতে চান।
উক্ত সংবাদের জের ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন প্রকার অভিযান চালালে সাংবাদিক জাহেদকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন এবং ব্যবসা কি জানতে চান।
এ প্রসঙ্গে সাংবাদিক জাহেদ বলেন, “লোহাগাড়ার চুনতিতে পাহাড় কেটে বালু উত্তোলনের মহোৎসব” শিরোনামে প্রকাশিত সংবাদের কোথাও নুরুল হক নুনুর নাম কিংবা তার সম্পৃক্ততা আছে এমন শব্দ উল্লেখ করা হয়নি। কিন্তু তারপরও শ্রমিক লীগ নেতা নুরুল হক নুনু বালু উত্তোলনে তিনিসহ ১৫ জনের একটি সিন্ডিকেট জড়িত আছে বলে হুংকার দেন এবং আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। বালু উত্তোলনে কোন ক্ষতি হলে আমাকে বেঁধে রেখে সব ক্ষতিপূরণ আদায় করবেন বলেও হুমকি দেন ওই শ্রমিক নেতা।
এদিকে, সাংবাদিক জাহেদকে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, সঠিক সংবাদ তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়া কোন সভ্য সমাজে কাম্য নয়। শ্রমিক লীগ নেতা কর্তৃক সহকর্মীকে হুমকি দেওয়ার অডিও রেকর্ড শুনে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।
এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক জাহেদকে হুমকি প্রদানের বিষয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জাহেদুল ইসলাম দৈনিক সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার (লোহাগাড়া), দৈনিক মানবকন্ঠ, দ্যা এশিয়ান এজ ও সিভয়েস২৪.কম এর লোহাগাড়া প্রতিনিধি। সেই সঙ্গে লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন