সাংবাদিক নেতা আইয়ুব আলী আর নেই
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আইয়ুব আলী (৫৮) আর নেই (ইন্না-লিল্লাহি—-রাজিউন)।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক নেতা আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ।
সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী মো. আইয়ুব আলী দীর্ঘদিন সিইউজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মঙ্গলবার (৩ মার্চ) সিইউজে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সাহসী ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারাল।
মরহুমের জানাজা নামাজ পটিয়া উপজেলার শোঠভদণ্ডী এলাকায় অবস্থিত আবহানা ইমতিয়াজ মোল্লা জামে মসজিদে মঙ্গলবার বাদ যোহর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আইয়ুব আলী চট্টগ্রাম প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন