দ্বীনের পথে কিছু করতে মায়ের নামে মসজিদ বানাচ্ছেন রোজিনা
বাংলা চলচিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। তার জন্ম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লা পাড়ায় নানাবাড়িতে। সেখানে মা খাদিজা বেগমের নামে ‘খাদিজা জামে মসজিদ’ নির্মাণ করছেন এই অভিনেত্রী।
সোমবার বিকালে মসজিদটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
মায়ের নামে রোজিনার মসজিদ নির্মাণ প্রসঙ্গে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, ‘জম্মভূমির টানে এবং মাকে ভালোবেসে চিত্রনায়িকা রোজিনা গোয়ালন্দবাসীর জন্য যে মসজিদ নির্মাণের কাজটি করছেন, গোয়ালন্দবাসী তা সারাজীবন মনে রাখবে।’

রোজিনা বলেন, ‘আমার জন্মস্থান রাজবাড়ী। নানার বাড়ি হলেও আমার বড় হয়ে ওঠা হয় এই বাড়িতেই। এলাকার মানুষের জন্য কিছু একটা করা দরকার। আল্লাহ আমাকে অনেক যশ, খ্যাতি, সুনাম দিয়েছেন। এখন দ্বীনের পথে কিছু একটা করতে চাই। তাই এলাকায় একটি ভালো ও আধুনিক মানের মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি। এখানে পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ আদায় করতে পারবেন।’
মসজিদটি গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় নির্মিত হচ্ছে। তার মায়ের নামে মসজিদের নাম ‘খাদিজা জামে মসজিদ’। প্রায় ৭ শতাংশ জায়গার ওপর একতলা মসজিদটি হবে।
এটি নির্মাণে ব্যয় হবে এক কোটি টাকা। রোজিনার ব্যক্তিগত তহবিল থেকে মসজিদটি বানানো হচ্ছে।
এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘যত দূরে থাকি না কেন জম্মভূমির কথা সব সময় মনে পড়ে। কিন্তু নানা ব্যস্ততার কারণে এখন আর গোয়ালন্দে তেমন আসা হয় না। এখানে যেন বারবার আসতে পারি সে জন্য বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদ নির্মাণ করছি। এখানে একটি চক্ষু হাসপাতাল করারও চিন্তা আছে। সকলের সহযোগিতা পেলে সেটিও কাজও খুব শিগগির শুরু হবে।’


আপনার মতামত লিখুন